পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সবুজায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল ১১.০০ টার সময় মহিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান মহিপুর গ্রামীণ সড়কের উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মানিক।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন মানবিক সমাজসেবা সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির, ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনপদকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এ মহতী উদ্যোগকে সফল করতে মহিপুর ইউনিয়ন পরিষদ দৃঢ় প্রতিজ্ঞ। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৮০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে।”
প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান বলেন, “সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মহিপুর ইউনিয়নেও এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে পুরান মহিপুর গ্রামের পাইকবাড়ি সড়কের পশ্চিম দিকে কাঁচা রাস্তার উভয় পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ রোপণ করা হয়।”
বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তারা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
Devoloped By WOOHOSTBD