বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী এলাকায় সন্তানের হাতে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সরকারি চক্রাখালী স্কুলের পেছনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত নারী সুচিত্রা বরকন দাস (৫৫)। তিনি জলমা চক্রাখালী গ্রামের সুখদেব বরকন দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহতের ছেলে মৃত্যুঞ্জয় বরকন দাস (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয়দের অভিযোগ। মাদক সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই তার মাকে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে।
শুক্রবার বিকেলে মৃত্যুঞ্জয় তার মাকে মারধর করে বাড়ি থেকে চলে যান বলে স্থানীয়রা জানান। পরে রাতে বাড়িতে ফিরে মাকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। এরপর বিষয়টি বুঝতে পেরে মৃত্যুঞ্জয় সেখান থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
পরে নিহতের স্বামী সুখদেব বরকন দাস বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। তিনি আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মৃত্যুঞ্জয়কে খুঁজতে শুরু করেন এবং বিষয়টি বটিয়াঘাটা থানা পুলিশকে জানান।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। মৃত্যুঞ্জয় বরকন দাসকে আটকের চেষ্টা চলছে। তবে সুচিত্রা বরকন দাসের মৃত্যুর সঠিক কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Devoloped By WOOHOSTBD