‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, সমাজকর্মী আব্দুর রব ও জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। কৃষি, শিক্ষা, শিল্প ও সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যমান সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে।
সভায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD