আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা ও হিসাব-নিকাশ। পাড়া-মহল্লা, চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা।
এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন বাদাঘাট অগ্রণী মোটরসাইকেল সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান। তিনি তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য, বাদাঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের তিনবারের অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বাদাঘাট ইউনিয়নবাসী চাইলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাদাঘাট অগ্রণী মোটরসাইকেল সমিতির দায়িত্ব পালন করছেন। এ সময় মোটরসাইকেল চালকসহ শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে পাশে থাকার চেষ্টা করেছেন।
আজিজুর রহমানের দাবি, ২০১৬ সালে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আব্দুর জহুর সেতুতে মোটরসাইকেলের টোল আদায় সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে টোল মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল।
এ ছাড়া বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও শিক্ষা-সংক্রান্ত বিষয়ে কাজ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
বাদাঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের কথাও জানান আজিজুর রহমান। পাশাপাশি বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকার কথাও তিনি বক্তব্যে তুলে ধরেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আজিজুর রহমান বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আমি বাদাঘাট ইউনিয়নবাসীর সেবক হতে চাই। জনগণ যদি আমাকে চায়, তাহলে আমি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক। আমি ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা এবং খেলাধুলার উন্নয়নে কাজ করার ইচ্ছা রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে বাদাঘাট ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে।
Devoloped By WOOHOSTBD