কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পৃথক দুটি অভিযানে ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে একটি প্রাইভেট কার থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্য অভিযানে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শাপলা চত্বর এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। সকাল সাড়ে ৬টার দিকে একটি সাদা প্রাইভেট কার সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির পেছনের সিটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক মো. ইয়াসিন (৪১) আটক হন।
একই দিন সকালে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় ইয়াবার আরেকটি চালান প্রবেশের তথ্য পেয়ে বিশেষ টহল জোরদার করে বিজিবি। সকাল সাড়ে ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় দুই ব্যক্তিকে নদীপথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা নৌকা ও মালামাল ফেলে কেওড়াবাগানে পালিয়ে যান।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা ইমরান ও ইয়াসের (২৪)। তাঁদের গ্রেপ্তারে প্রয়োজনীয় তৎপরতা চলছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও পাচার রোধে বিজিবি সতর্ক রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা, প্রাইভেট কার, নৌকা ও মোবাইল ফোনসহ জব্দ করা মালামাল এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
Devoloped By WOOHOSTBD