বগুড়ায় মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হলো জুলাই বিপ্লব স্মরণে জেলা পর্যায়ের নির্বাচিত মঞ্চ নাটকের প্রদর্শনী “নাট্যগাঁথা – জুলাই জোয়ার”।
জেলা প্রশাসন ও জেলা পরিষদ, বগুড়ার আয়োজনে কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুপুর ২টায় এই ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), জেলা কালচারাল অফিসারসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নাটকটিতে অভিনয় করেন বগুড়া জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে বাছাইকৃত ২৩ জন শিক্ষার্থী। তাঁদের সুঅভিনয়, আবেগঘন সংলাপ ও নিপুণ মঞ্চ পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়।
নাটকটির নির্দেশনায় ছিলেন দেশের খ্যাতিমান নাট্যকার শাহীন রহমান। তাঁর দক্ষ পরিচালনায় নাটকে ফুটে উঠে দেশপ্রেম, গণআন্দোলন, স্বাধীনতার চেতনা এবং সমাজ পরিবর্তনে যুব সমাজের দায়িত্বশীল ভূমিকা। পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেন বর্তমান প্রজন্মের ভাবনা, মূল্যবোধ ও অঙ্গীকার।
নাটক শেষে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং এমন গঠনমূলক সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, “নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ। এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসচেতনা, সংস্কৃতি ও দেশপ্রেমে আলোকিত করবে।”
“নাট্যগাঁথা – জুলাই জোয়ার” অনুষ্ঠানটি জেলার সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে এবং দর্শকদের হৃদয়ে দেশাত্মবোধের দীপ্ত বার্তা পৌঁছে দিয়েছে।
Devoloped By WOOHOSTBD