নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে হাজি ইসারত আলী চালকলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক সদর উপজেলার হাঁপানিয়াপাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হলে পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন। পরে ধোঁয়া কমে গেলে চাতালে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত চার শ্রমিক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সময় চাতালে কাজ করছিলেন শ্রমিক হামিদা বেগম। তিনি বলেন, ‘হঠাৎ বিকট শব্দ হলো। এরপর ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে শ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে চাই।’
ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কী কারণে বয়লার বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Devoloped By WOOHOSTBD