নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকি এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মালামাল পত্নীতলা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।
Devoloped By WOOHOSTBD