সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট ও টোল আদায় কেন্দ্র এবং ফেনারবাঁক ইউনিয়নের গাজরিয়া এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এলসি ও বার্থিং চার্জ আদায় নিয়ে সৃষ্ট বিরোধের মধ্যে নতুন করে জারি করা স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের আদেশের পর পূর্বের চুক্তি ও নির্ধারিত সিডিউল অনুযায়ী পুনরায় টোল আদায়ের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদাররা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ইজারাদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান জিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইজারাদাররা জানান, চলতি বছর বিআইডব্লিউটিএর সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হারে টোল ও সংশ্লিষ্ট চার্জ আদায়ের দায়িত্ব পান তারা। চুক্তি অনুযায়ী টোল আদায় কার্যক্রম শুরু করলে নির্ধারিত হারকে অতিরিক্ত দাবি করে তা কমানোর দাবিতে আন্দোলনে নামেন স্থানীয় ক্রাশার মিল মালিক, নৌকা মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা।
এ পরিস্থিতিতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার পর বিআইডব্লিউটিএ পূর্বের নির্ধারিত টোলের হার বাতিল করে নতুন স্মারকের মাধ্যমে সংশোধিত হার নির্ধারণ করে। তবে নতুন নির্ধারিত হারে টোল আদায়ে সম্মত হননি ইজারাদাররা। এ নিয়ে বিরোধের জেরে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন তারা।
ইজারাদারদের দাবি, তাদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে হাইকোর্ট নতুন স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন। আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে পূর্বের চুক্তি ও নির্ধারিত সিডিউল অনুযায়ী পুনরায় টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিআইডব্লিউটিএর দ্বিতীয় দফায় জারি করা স্মারকের প্রতিবাদে গত দুই মাস ধরে তারা টোল আদায় কার্যক্রম বন্ধ রেখেছিলেন। এখন বৈধভাবে ও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
Devoloped By WOOHOSTBD