বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা স্মরণে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে কালাই উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন, কালাই, জয়পুরহাটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব এবং কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার।
এ সময় কালাই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন।
আলোচনা পর্বে কবি নজরুলের বহুমাত্রিক প্রতিভা, সাহিত্যকীর্তি এবং সমাজ পরিবর্তনে তাঁর লেখনীর প্রভাব নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা কবির সাম্যবাদী চিন্তা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা নিয়ে আলোচনা করেন।
তাঁরা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন সময়ের গণ্ডি পেরিয়ে আজও মানুষের অধিকার, স্বাধীনতা ও মর্যাদার কথা বলে। তাঁর সৃষ্টিকর্ম পাঠ ও চর্চার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে মননশীলতা, মানবিকতা এবং দেশপ্রেমের বিকাশ ঘটানো সম্ভব।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জাতীয় কবির জীবন ও কর্মকে ঘিরে আয়োজিত এ কর্মসূচিতে সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে উদ্বুদ্ধ করার প্রত্যয় উঠে আসে।
Devoloped By WOOHOSTBD