নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইনসহ মাদক মামলায় ২ জন, মাদকসেবী ৪ জন, পরোয়ানাভুক্ত ২ জন এবং পুরাতন মামলায় ১ জন নারীসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক বিরোধী অভিযান বিভিন্ন অপরাধ মামলার অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়েছে সোনারগাঁও থানা পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে মাদকসেবী হিসেবে শান্ত শিকদার রুশাদ (২৮), মো. ইমান হোসেন (৪০), মো. মোয়াজ্জেম (৩২) ও মো. সবুজ হোসেন (২২)কে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় মো. শাহ আলম (৫০) ও করিম মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া পুরাতন মামলায় সোনিয়া আক্তার (৩৮) এবং আদালতের পরোয়ানাভুক্ত মো. জুয়েল মোল্লা (২৭) ও মো. মোজাম্মেল হক মোজাকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD