ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল-পান্টি সড়কে ডাকাতির শিকার হয়ে জীবিকার একমাত্র অবলম্বন হারানো ধর্মপাড়া এলাকার অটোভ্যান চালক মনিরুল ইসলামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাড়া ওয়ার্ড। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাকে একটি অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৬ইং তারিখ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে কাঁচেরকোল-পান্টি সড়কের কাঁচেরকোল মাঠ এলাকায় পুলিশ পরিচয়ে ৫ থেকে ৭ জন ব্যক্তি মনিরুল ইসলামের গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক মাঠে নিয়ে হাত-পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে ফেলে রাখা হয়।
এসময় দুর্বৃত্তরা তার ব্যবহৃত ৩ চাকার নিচে অটোভ্যান বা পাখিভ্যান, নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনি কাঁচেরকোল পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর জীবিকা হারিয়ে মানবেতর অবস্থায় পড়েন মনিরুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাড়া ওয়ার্ড মানবিক সহায়তার উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মনিরুল ইসলামের হাতে একটি অটোভ্যান তুলে দেওয়া হয়।
অটোভ্যান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা জামায়াতের আমীর এ এস এম মতিউর রহমান, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, উপজেলা দায়িত্বশীল মোহাম্মদ জুলকার নাঈম ও মোহাম্মদ লুৎফর মন্ডল, কাঁচেরকোল ইউনিয়নের আমীর আতিকুল্লাহ সিরাজী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নূরে আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপজেলা আমীর এ এস এম মতিউর রহমান প্রশাসনের নীরবতা ও ঘটনার সঠিক তদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত।
Devoloped By WOOHOSTBD