বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা প্রায় ১০ মিনিটের মধ্যে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
শজিমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের নিউরো সার্জারি, সার্জারি ও অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের পরিচয়:
১. মোঃ শাকিল (২৮), পিতা: মোঃ মোক্তার হোসেন, গ্রাম: জুসখোলা, শাজাহানপুর, বগুড়া।
২. মোছাঃ রেশমী (৩২), পিতা: মোঃ ইয়ামিন প্রামানিক, গ্রাম: নিমগাছি ফকির পাড়া, শাজাহানপুর, বগুড়া।
৩. মোছাঃ দোলেনা (৫০), স্বামী: মোঃ ইয়ামিন প্রামানিক, গ্রাম: নিমগাছি ফকির পাড়া, শাজাহানপুর, বগুড়া।
৪. মোছাঃ সালমা (৪৮), ঠিকানা: অজ্ঞাত।
৫. মোঃ মোকছেদুল (৫০), পিতা: মোঃ আনসার, গ্রাম: খোট্টাপাড়া, শাজাহানপুর, বগুড়া।
৬. অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যানটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চলছে।
Devoloped By WOOHOSTBD