বগুড়ার বাড়ি থেকে অভিমান করে বেরিয়ে ট্রেনে ঈশ্বরদী, পরে নাটোরের লালপুরে উদ্ধার—পুলিশের প্রচেষ্টায় স্বজনদের কাছে ফিরল শিশু।
নাটোরের লালপুর থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টা ও মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরে গেছে বাক্প্রতিবন্ধী ও মানসিকভাবে কিছুটা সমস্যাগ্রস্ত ১২ বছর বয়সী শিশু মোঃ স্বাধীন সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। শিশুটির নাম মোঃ স্বাধীন সরকার (১২)। সে বগুড়া জেলার শিবগঞ্জ থানার জীবনপুর গ্রামের মোঃ ময়নুল ইসলাম সরকার ও মোছাঃ নাজমা বেগমের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় শিশু স্বাধীন। পরে বগুড়ার সোনাতলা থেকে ট্রেনে চড়ে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে এসে নামে সে। গতকাল বিকেলে নাটোরের লালপুর থানাধীন দুয়ারিয়া ইউনিয়নের আবেদ মোড় এলাকায় শিশুটিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা শিশুটিকে লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে লালপুর থানা পুলিশ বিভিন্নভাবে যোগাযোগ ও অনুসন্ধান চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর তার পরিবারের সন্ধান পাওয়া যায়। অবশেষে বৃহস্পতিবার সকালে বাবা-মায়ের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়।
দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে পরিবারে। লালপুর থানা পুলিশের এমন মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল লালপুর থানা পুলিশ।
Devoloped By WOOHOSTBD