নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে উপজেলার বাতদীঘি এলাকায় এ অভিযান চালায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭২/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাতদীঘি এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩৭ বোতল ভারতীয় ফেয়ারডিল ও ২০ বোতল রেসকোডিল সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা সিরাপগুলো ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্তে মাদক চোরাচালানসহ আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Devoloped By WOOHOSTBD