সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিব আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আস্আদ, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনও কার্যালয়ের হিসাব সহকারী প্রান্ত বিশ্বাস এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম ও অফিস সহকারী বায়তুল মিয়াসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. শামসুল হক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
বক্তারা বিদায়ী এসিল্যান্ড মিনহাজুল ইসলামের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন। সাধারণ মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা জামালগঞ্জবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়বেলায় আবেগাপ্লুত মিনহাজুল ইসলাম বলেন, “জামালগঞ্জ আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো। এখানকার মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন মনে রাখব। সবাই আমার জন্য দোয়া করবেন।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বিদায়ী এসিল্যান্ডের কর্মময় জীবনের সাফল্য কামনা করেন এবং জামালগঞ্জে তাঁর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পরে এক আবেগঘন পরিবেশে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
Devoloped By WOOHOSTBD