মোঃআশিকুর সরকার (রাব্বি)
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিয়ম বহির্ভূতভাyবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যানন্দ ইউনিয়নের তিন পরিবেশকের বিরুদ্ধে অনিয়মের তথ্য পাওয়া গেছে।
উপজেলার রতিগ্রাম পয়েন্টের পরিবেশক হাবিবুর রহমান, ডাংরাহাট পয়েন্টের পরিবেশক নুরে আলম ছিদ্দিকী ও সুকদেব পয়েন্টের পরিবেশক মহুবুর রহমান বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সরকারি নির্দেশনা ছাড়া তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন।
সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে বিতরণ কার্যক্রম বন্ধ করে পরিবেশকরা সটকে পড়েন। পালানোর সময় ডাংরাহাট পয়েন্টের পরিবেশক নুরে আলম ছিদ্দিকীর দেখা মিললেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের চাল ও ওজনে কম দেওয়ার মাধ্যমে অতিরিক্ত মুনাফা করার জন্যই এভাবে নিয়ম ভেঙে চাল বিতরণ করা হয়।
রতিগ্রাম পয়েন্টের পরিবেশক হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “গতকাল ট্যাগ কর্মকর্তার এন্ট্রি করা কয়েকজনকে চাল দিয়েছি।” তবে আজকের তারিখে কার্ডে সিল ও স্বাক্ষর দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তারিখ হয়তো ক্যালেন্ডারে ভুল হতে পারে।”
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আবু তাহের বলেন, “আজ চাল বিতরণের কোনো সরকারি নির্দেশনা ছিল না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রাজারহাট উপজেলার দায়িত্বপ্রাপ্ত টিসিএফ মোছাঃ মাসুদা বেগম বলেন, “বৃহস্পতিবার কোনো বিতরণসূচি ছিল না। গত মাসের বাজেট শেষের দিকে বিতরণ করা হয়েছে। ওই ধারাবাহিকতায় হয়তো তারা বিতরণ করেছে। অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরিবেশকের কাছ থেকে ব্যাখ্যা তলব করা হবে।”
খাদ্যবান্ধব কর্মসূচি দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু নিয়ম বহির্ভূত চাল বিতরণ, নিম্নমানের চাল সরবরাহ ও ওজনে কম দেওয়ার অভিযোগ এ কর্মসূচির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। স্থানীয়রা দাবি করছেন, নিয়ম ভঙ্গকারী পরিবেশকদের দ্রুত তদন্তের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে সুবিধাভোগীরা বঞ্চিত না হন এবং সরকারি সহায়তা সঠিকভাবে তাদের হাতে পৌঁছায়।
Devoloped By WOOHOSTBD