নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুম্বা এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকসের কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। এতে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD