নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারের মেসার্স আল আমিন ট্রেডার্সে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আবুল কালামের গুদামে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ১৯৪ বস্তা ডিএপি সার পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, অবৈধভাবে সার মজুদ ও কৃত্রিম সংকটের কারণে অনেক সময় ন্যায্যমূল্যে সার পাওয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে চাষাবাদের মৌসুমে এ ধরনের পরিস্থিতিতে কৃষকদের ভোগান্তি বাড়ে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করা এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে নজরদারি অব্যাহত থাকবে। অবৈধ মজুদ বা সার নিয়ে অনিয়মের তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD