মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র উদ্যোগে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত “আশ্বাস” প্রকল্পের চলমান কর্মসূচির আওতায় মানব পাচার থেকে ফিরে আসা সারভাইভারদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্যবসার পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার ১১ অক্টোবর সকালে রাইটস যশোর’র কনফারেন্স রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আশ্বাস” প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাইটস যশোর’র পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত এবং “আশ্বাস” প্রকল্পের ব্যবস্থাপক এস এম আজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, অতীতের দুঃসহ অভিজ্ঞতাকে পেছনে ফেলে সবাইকে নতুন করে জীবন গড়ার প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে হবে। জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করে নতুন স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ কুমার রায় বলেন, বিদেশ থেকে নির্যাতন ও নানা ধরনের ক্ষতির শিকার হয়ে দেশে ফিরে আসার পর অনেক সময় পরিবার ও সমাজের কাছ থেকে প্রত্যাশিত গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। এ ধরনের পরিস্থিতি ফিরে আসা ব্যক্তিদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এমন সময়ে ‘‘আশ্বাস’’ প্রকল্পের মতো উদ্যোগ তাদের পাশে দাঁড়িয়ে মানসিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অতীতের প্রতিকূলতা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে এবং নিজেদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে হবে। মানব পাচারের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে ”আশ্বাস” প্রকল্পের মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে মানব পাচার থেকে ফিরে আসা নারী সারভাইভারদের জীবিকা নির্বাহ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন, কাপড়সহ বিভিন্ন ব্যবসায়িক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসব উপকরণ তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে নতুনভাবে জীবন শুরু করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইটস যশোর’র ‘আশ্বাস’ প্রকল্পের সোশ্যাল সার্ভিস ম্যানেজার কৃষ্ণা রানী সাহা।
Devoloped By WOOHOSTBD