আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ও দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্যদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের নাথপাড়া, বসুন্ধরাসহ চানপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমা রং, মণ্ডপের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দায়িত্ব পালনকারী আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের আবাসন ও থাকা-খাওয়ার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
পরিদর্শনকালে কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাজনিত আশঙ্কার তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক প্রবেশ সরকার উপস্থিত ছিলেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন।
Devoloped By WOOHOSTBD