নওগাঁর বদলগাছী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বর থেকে সরকারি নিলাম বা আইনি প্রক্রিয়া ছাড়াই মেহগনিসহ বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। হাসপাতালের আউটসোর্সিং ওয়ার্ডবয় মো. বাপ্পির বিরুদ্ধে এসব গাছ কেটে স্থানীয় করাত কলে বিক্রি করে দেওয়ার অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে হাসপাতাল চত্বর থেকে পুরনো ও মূল্যবান গাছ কেটে নেওয়া হচ্ছিল। স্থানীয়রা ওয়ার্ডবয় বাপ্পির কাছে কারণ জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সম্পদ রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের অবহেলার সুযোগে বাপ্পি নিজ প্রভাবে এসব গাছ অবৈধভাবে কেটে বিক্রি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা বলেন, “গাছগুলো নিয়মমাফিক নিলাম ছাড়াই কাটা হয়েছে। তবে আমরা বিষয়টি নিষ্পত্তির জন্য বন বিভাগকে চিঠি পাঠিয়েছি।”
তবে বন বিভাগের তথ্যে ভিন্ন চিত্র পাওয়া গেছে। বদলগাছী উপজেলা বন কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, “গত তিন মাসে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে গাছ কাটা বা বিক্রির বিষয়ে কোনো চিঠি বা আবেদন পাইনি। বন বিভাগের অনুমোদন ও এসেসমেন্ট ছাড়া সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই।”
বন কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের এই অমিলে বড় ধরনের অনিয়মের সন্দেহ জোরালো হচ্ছে। একজন আউটসোর্সিং কর্মচারী প্রকাশ্যে সরকারি হাসপাতালের গাছ কেটে বিক্রির পরেও প্রশাসন কীভাবে নীরব, তা নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এ ঘটনায় স্থানীয় সুশীল সমাজ দ্রুত তদন্ত করে সরকারি সম্পদ আত্মসাৎকারী ও এর পেছনে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD