সুনামগঞ্জের জামালগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামালগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। পরে তিনি নিজে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযানকালে উপজেলার প্রধান সড়ক, উপজেলা প্রশাসনের পুকুর ও আশপাশের এলাকা, বিভিন্ন ড্রেন এবং সরকারি অফিসের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি যেসব স্থানে পানি জমে মশার লার্ভা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব স্থানে ফগার মেশিন ব্যবহার করা হয়।
এ সময় ইউএনও শিল্পী রানী মোদক বলেন, “ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। প্রতিটি নাগরিক নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব।”
দিনব্যাপী এ কর্মসূচিতে জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।