গত রবিবার ( ১৩ সেপ্টেম্বর ২০২৬) তারিখে বাঙ্গরাবাজার থানার উত্তর পেন্নাই এলাকার মৃত আনোয়ার হোসেন মেম্বারের বসতবাড়িতে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এজাহারনামীয় ১৯ জনসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ভিকটিমের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নেয় জেলা পুলিশ। কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় বাঙ্গরাবাজার থানা পুলিশের একটি বিশেষ টিম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহারনামীয় আসামী মো. পিন্টু মিয়া (পিতা: মৃত ধবীর মুন্সি, সাং: উত্তর পেন্নাই, থানা: বাঙ্গরা বাজার, জেলা: কুমিল্লা)-কে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার এবং মূল রহস্য উদঘাটনে বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Devoloped By WOOHOSTBD