মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং ২৭ জন ‘যুবক-যুবতী’র মধ্যে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা এ কে এম সামসুল হক।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ রব, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী এবং জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় আত্মকর্মীদের মধ্যে বক্তব্য দেন কেয়া মনি আক্তার, আরিফ বাদশা, তাসলিম মেহজাবিন, আকিল মিয়া ও মহসিন মিয়া। তাঁরা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু এবং স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন।
যুব সংগঠক হিসেবে বক্তব্য দেন সুপার সিক্সটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম ও হক স্পোর্টস অ্যান্ড ইয়ুথ ওয়েলফেয়ার একাডেমির সভাপতি নুরুল হক।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বেকারত্ব দূরীকরণ এবং তরুণদের স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি ২৭ জন যুবক-যুবতীর হাতে মোট ১০ লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষিত যুবক-যুবতী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD