ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৪ কেজি গাঁজা, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা সান্তামোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—খাটিংগা এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. শান্ত (২০) ও মো. নুরুল আলমের ছেলে মো. সানি (২১)।
এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা হলেও আরও কয়েকজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের দেখানো মতে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২টি বান্ডিলে মোড়ানো ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি সামুরাই, একটি লোহার হাতলযুক্ত দা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এসআরবি-৯-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা ও পলাতক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।
Devoloped By WOOHOSTBD