ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ শারমিন আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ সাবেক র্যাব।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শারমিন আক্তার মেরাশানী গ্রামের মো. মনির খার স্ত্রী।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানার সিংগারবিল বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মেরাশানী গ্রামের একটি বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পায় তারা।
পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এসকাফ সিরাপ এবং ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন আক্তার জানিয়েছেন, তিনি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার শারমিন আক্তার ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD