নাটোর জেলা প্রতিনিধিঃ
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে নাটোরের লালপুরে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৬৮টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
লালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২টা ২০ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আল মাসুম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার মোহরকয়া (৭ নম্বর ওয়ার্ড) গ্রামের মোঃ ওহিদুল মোল্লার টিনসেট ভবনের পূর্ব দুয়ারী একটি কক্ষে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মোহরকয়া (৭ নম্বর ওয়ার্ড) গ্রামের মৃত রব্বেল মোল্লার ছেলে মোঃ ওহিদুল মোল্লা (৩২) এবং একই এলাকার মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৩); মোহরকয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের মৃত বেলাল আলীর ছেলে মোঃ মোতাকাব্বির আলী (২৩); বিলমাড়িয়া গ্রামের মৃত কফের আলীর ছেলে মোঃ শুকুর আলী (৫০); রাজশাহীর বাঘা থানার আলাইপুর গ্রামের মোঃ সামাদ মন্ডলের ছেলে মোঃ মুক্তার আলী (৩৪) এবং লালপুর থানার পানসিপাড়া গ্রামের মোঃ আতাহার প্রামানিকের ছেলে মোঃ আলামিন (২৩), সে পুলিশ সদস্য, পুলিশের চাকরি করে।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ৬৮টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য।
Devoloped By WOOHOSTBD