ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকার আশুলিয়া থানার দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসেন ইদ্রিস আলী। কাগজপত্র যাচাইয়ের সময় ইমিগ্রেশন পুলিশের ডাটাবেজে তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইদ্রিস আলী ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনে আসেন। ডাটাবেজ যাচাই করে তার নামে একাধিক হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, একাধিক হত্যা মামলা থাকায় ইদ্রিস আলীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। তার সঙ্গে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ইদ্রিস আলী ঢাকার আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পর আশুলিয়া থানায় দায়ের হওয়া হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারাধীন বিষয় থাকলে তা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
Devoloped By WOOHOSTBD