বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন স্কুল-কলেজের আশপাশের দোকানে প্রকাশ্যে সিগারেট বিক্রির অভিযোগ উঠেছে। এসব দোকান থেকে শিক্ষার্থীরা সিগারেট কিনে ধূমপানে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় অভিভাবকরা। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
অভিভাবকদের অভিযোগ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটক ও আশপাশের ছোট-বড় দোকানে অবাধে সিগারেট বিক্রি হচ্ছে। শিক্ষার্থীদের কাছে সহজেই সিগারেট বিক্রি করায় অনেক কিশোর ধূমপানে আসক্ত হয়ে পড়ছে। বিশেষ করে ক্লাসের বিরতিতে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর শিক্ষার্থীদের দোকানে দাঁড়িয়ে সিগারেট কিনতে দেখা যায় বলে দাবি তাদের। তাদের কাছে বাকীতেও সিগারেট বিক্রী করে থাকে।
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন। দোকানিদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কাছে তামাকজাত পণ্য বিক্রির বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতেও উদ্যোগ নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তারা।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের দোকানে সিগারেট বিক্রি বন্ধে নিয়মিত অভিযান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষার্থীদের সুরক্ষা ও একটি ধূমপানমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
Devoloped By WOOHOSTBD