বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একে একে ভেঙে পড়লো পলাতক থাকার ব্যুহ। গ্রেফতার হলেন বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম (৫৫)।
১৯ জুলাই ২০২৫, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ঢাকার গুলশান থানাধীন নিকেতন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বহুল আলোচিত বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার অন্যতম আসামি। এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি ও বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এছাড়া বগুড়া সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক দ্রব্য আইন, দুর্নীতি দমন কমিশনের মামলাসহ ২১টির অধিক মামলা বর্তমানে তদন্তাধীন এবং বিচারাধীন রয়েছে।
গ্রেফতার আমিনুল ইসলামকে বগুড়া সদর থানার মামলা নং ১২, তারিখ ১৬/০৮/২০২৪, দণ্ডবিধির ৩০২/৩৪/১০৯/১১৪ ধারাসহ ৩/৫/৬ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর অধীনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD