সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল বর্তমানে লন্ডনের মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সফরে ২ আগস্ট লন্ডনে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
জনপ্রিয় এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি, ৮২টি হিন্দু ধর্মীয় পূজা মণ্ডপে তাঁর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজনগুলো রূপ নেয় এলাকাজুড়ে এক আত্মিক সংহতির দৃশ্যপটে।
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন,
“আমাদের প্রিয় নেতা কামরুজ্জামান কামরুল’র দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চাই। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আমাদের এলাকার মানুষের ভালোবাসার প্রতীক।”
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুলফিকার চৌধুরী রানা বলেন, “আমাদের বিশ্বাস, তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তাঁর মতো অভিজ্ঞ ও নিবেদিত নেতা আমাদের দলের পাশাপাশি গোটা এলাকার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।”
নেতাকর্মী ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন, কামরুজ্জামান কামরুল দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে পূর্বের ন্যায় জনগণের পাশে থেকে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।
Devoloped By WOOHOSTBD