নওগাঁর মান্দায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনকড়ি পাল (৮৪) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে শ্রী অরুন পাল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন একই গ্রামের ইমন পাল (১৯), সুকুমার পাল (৪৫), লক্ষ্মী রানী (৩৮) ও নব পাল (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল্লাবাদ পালপাড়া গ্রামের শ্রী অরুন পালের পরিবারের সঙ্গে অভিযুক্ত প্রতিবেশীদের জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত ৩১ মার্চ প্রতিপক্ষের লোকজন তাদের ১৫টি গাছ কেটে ক্ষতিসাধন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওই বিরোধের জেরে শুক্রবার সকালে অরুন পালের জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় অভিযুক্তরা বাঁশের লাঠি, গাছের ডাল ও লোহার রড নিয়ে সেখানে প্রবেশ করে কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা অরুন পালের বাবা তিনকড়ি পালের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযোগে বলা হয়েছে, ১ নম্বর অভিযুক্ত ইমন পাল হাতে থাকা গাছের ডাল দিয়ে তিনকড়ি পালের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
এ সময় স্থানীয় সঞ্জয় পাল, ছবি রানী ও লক্ষণ পালসহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহত তিনকড়ি পালকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার মাথায় ৩ থেকে ৪ টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিযুক্ত ইমন পাল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা প্রতিপক্ষের কাউকে আঘাত করেননি।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, অভিযোগ দেখে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Devoloped By WOOHOSTBD