ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আলোচিত ও চাঞ্চল্যকর ‘আতিকুর রহমান (১৯)’ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন; পূর্বশত্রুতার জেরে গলায় ওড়না পেঁচিয়ে নৃশংসভাবে হত্যা ও লাশ গুম; পিবিআই কর্তৃক ৩ আসামি গ্রেফতার, ১ জনের স্বীকারোক্তি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন মহেশপুর গ্রামের সেলুন কর্মী ভিকটিম আতিকুর রহমান (১৯) গত ২৯/০৩/২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে ০১/০৪/২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে নবীনগর থানাধীন ৮নং বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের রুস্তুম হাজী ও বাচ্চু হাজীর যৌথ পুকুর থেকে ভিকটিমের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা তাছলিমা বেগম বাদী হয়ে এজাহারনামীয় ৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে নবীনগর থানার মামলা করে। মামলা নং-০৫, তারিখ-০২/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।
বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মোঃ শাহাদাত হোসেন মামলাটি তদন্ত করছেন।
পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা গত বুধবার ( ১২/০৮/২০২৬) খ্রিস্টাব্দ আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ মাজার এলাকা থেকে মামলার ১নং এজাহারনামীয় আসামি মোঃ সাগর (২০)-কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘরস্থ পিবিআই কার্যালয়ের সামনে থেকে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ সাদ্দাম (৩৬) ও মোঃ বোরহান (২২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সাগর (২০) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই এর তদন্তে ও জানা যায় যে, ভিকটিম আতিক এবং আসামি সাগর পরষ্পর বন্ধু এবং আসামী সাদ্দাম, বোরহান, ইমন ও দুলাল তাদের পূর্ব পরিচিত। ঘটনার রাতে তারা বোরহানের ঘরে একত্রিত হয়ে মাদক সেবন এবং লুডু খেলে। খেলা শেষে পূর্ব বিরোধের জেরে ভিকটিম আতিকের সঙ্গে বোরহানের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বোরহান উত্তেজিত হয়ে আতিকের অণ্ডকোষে সজোরে লাথি মারলে সে গুরুতর ব্যথায় অচেতন হয়ে পড়ে। পরে সাদ্দামসহ আসামীরা একটি কালো রঙের ওড়না আতিকের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যাকাণ্ডের আলামত ও লাশ গোপন করার উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দি করে পুকুরের পানিতে গাছের শিকড়ের সঙ্গে বেঁধে রেখে আসামিরা পালিয়ে যায়।
মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।
Devoloped By WOOHOSTBD