নওগাঁর ধামইরহাট সীমান্তে পৃথক দুটি অভিযানে ২৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে চকিলাম বিওপির একটি বিশেষ টহলদল ধামইরহাট উপজেলার চণ্ডীপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ মো. জালাল হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, রোববার রাত ১টা ১০ মিনিটে কালুপাড়া বিওপির একটি টহলদল উপজেলার আলতাদিঘী এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের পর তাঁকে উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
Devoloped By WOOHOSTBD