কুমিল্লার চান্দিনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা ‘খ’ সার্কেলের অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রথম অভিযান সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে ঢাকা অভিমুখী চান্দিনা উপজেলা রাস্তার মোড়ে পরিচালিত হয়। এ সময় STAR LINE পরিবহনের বাসে অভিযান চালিয়ে H3 ও H4 নম্বর সিটে থাকা মো. ইয়াসিন হোসেন (৩০) ও মো. রাকিব হোসেন (২১)কে আটক করা হয়। তাদের নিজ নিজ দখল থেকে স্কচটেপে মোড়ানো দুটি পোটলায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত একই এলাকায় অভিযান চালিয়ে HANIF পরিবহনের বাসের J3 নম্বর সিটে থাকা রোপালী আক্তার (৩০)কে আটক করা হয়। তার দখল থেকে স্কচটেপে মোড়ানো পোটলায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় পৃথক মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। চান্দিনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও সেবনের অপরাধে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD