কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পুকুর থেকে পূণরায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়ে থাকতে পারে৷
শনিবার (৯ মে) দুপুর ৩টার দিকে কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরের সম্মুখে ঘাটবাধা পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ডুবে মারা যাওয়া শিশু হামিম (১২) পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হুমায়ুনের ছেলে। পরিবার নিয়ে তারা খাদ্য গুদামসংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। শিশু হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়সূত্রে জানা যায়, আজ দুপুরে এলাকার বন্ধুদের সাথে হামিম উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন পুকুরটিতে গোসল করতে আসে। এ সময় বেশ কয়েকজন শিশু পানিতে নামে। একপর্যায়ে সবাই উঠে গেলেও হামিমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানালে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মুখলেসুর রহমান সোহান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, এর আগে ২০২৪ সালে একই স্থানে চতুর্থ শ্রেণীর স্কুল শিক্ষার্থী ইমন মিয়া (১০) নামে এক শিশু নিখোঁজ হওয়ার এক দিন পর একই পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ।
একই পুকুরে কয়েক বছরের ব্যাবধানে পর পর দুজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এখন থেকে উপজেলা পরিষদের সরকারি এ পুকুরটিতে শিশুদের গোসল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ।
Devoloped By WOOHOSTBD