৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেফতার, ছয়মাসের কারাদন্ড
গত বুধবার (২৪ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে আটটায় একজন নারী ফোন কলে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন পশ্চিম রাজদিয়া থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি গর্ভবতী,। তার নেশাসক্ত স্বামী তাকে সারারাত ধরে মারধর করেছে। এখন তাকে একটি ঘরে আটকে রেখেছে এবং বের হতে দিচ্ছে না। তিনি তার একজন প্রতিবেশীর মোবাইল ফোন থেকে ৯৯৯ নম্বরে ফোন করেছেন জানিয়ে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।
৯৯৯ থেকে বিষয়টি পুলিশ তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজদিখান থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সুমাইয়া জাহান এবং বুলবুল আহমেদ। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই ইন্দু জ্যোতি রায়।
সংবাদপ্রাপ্ত হয়ে সিরাজদিখান থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী কলারকে উদ্ধার করে এবং তার স্বামী অভিযুক্ত আল-আমিন (৩২), পিতা- আলী আকবর, পশ্চিম রাজদিয়া, সিরাজদিখান, মুন্সীগঞ্জ-কে গ্রেফতার করে। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযুক্তকে সিনথিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি)’র ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত অভিযুক্তকে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করে। সিরাজদিখান থানা পুলিশ দলের এসআই সাজ্জাদ হোসেন ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।
Devoloped By WOOHOSTBD