গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভুবনেরচালা গ্রামের প্রবাসী আতিক খান দীর্ঘদিন সিঙ্গাপুরে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তবে তার অভিযোগ, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং একটি প্রতারক চক্রের সহযোগিতায় তার উপার্জিত অর্থ ও সম্পদ আত্মসাৎ করা হয়।
আতিক খানের দাবি, তিনি বর্তমানে আর্থিকভাবে সর্বস্বান্ত এবং নিজের একমাত্র সন্তান থেকেও বিচ্ছিন্ন। তার অভিযোগ, সন্তানকে তার কাছ থেকে দূরে রাখা হয়েছে, ফলে তিনি চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন।
ন্যায়বিচারের আশায় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, থানা ও আদালতের দ্বারস্থ হলেও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে অভিযোগ করেন। বরং বিভিন্ন ধরনের চাপ ও হয়রানির শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি ব্যানারের মাধ্যমে জনসমক্ষে এসে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন। একই সঙ্গে তিনি তিনটি দাবি উত্থাপন করেন— পুরুষ নির্যাতনবিরোধী আইন প্রণয়ন, পরকীয়া সংক্রান্ত আইনে নারী-পুরুষের জন্য সমান বিধান এবং দ্রুত তদন্তের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা।
আতিক খান বলেন, “সত্য হলে ন্যায় চাই, মিথ্যা হলে সাজা চাই।” তার দাবি, কোনো পক্ষপাত নয়, বরং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
প্রবাসীদের নিরাপত্তা, পারিবারিক অধিকার ও বিচারপ্রাপ্তি নিয়ে আতিক খানের এই অভিযোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
Devoloped By WOOHOSTBD