নওগাঁ সদরের চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষ রাস্তার ওপর পাথর ও বালুসহ নির্মাণসামগ্রী ফেলে রেখেছে এবং সেগুলো যথাযথভাবে ঢেকে রাখা হয়নি। এতে ধুলাবালির মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের একই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। পাশাপাশি উপস্থিত জনগণকে পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Devoloped By WOOHOSTBD