খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হাটবাড়ি এলাকায় বসতবাড়ির সম্পত্তি জোরপূর্বক দখলচেষ্টা, ঘেরা বেড়া ভাঙচুর, কলাগাছ কর্তন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সালেহা বেগম (৭০) বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হাটবাড়ি এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী সালেহা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী জুয়েল, কবির ও শাকিবের বসতবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তা অমান্য করে আসছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৪ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বিরোধীয় জমিতে প্রবেশ করে সেখানে থাকা ঘেরা বেড়া ভাঙচুর এবং কলাগাছ কেটে ফেলে। এসময় সালেহা বেগম বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে এবং সুযোগ পেলে তাকে “জীবনে শেষ করে ফেলবে” বলে হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD