পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর সদর ইউনিয়নের পুরান মহিপুর এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল)দিবাগত ভোররাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে হাজিপুর টোল প্লাজার উত্তর পাশে আব্দুল সালামের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রফিক হাওলাদার (৪২) ও মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫), উভয়ের পিতা মৃত হাসেম হাওলাদার, মহিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিপিনপুর গ্রামের বাসিন্দা। এছাড়া শাহ আলম (২০) ও মোসাঃ শারমিন বেগম (১৯), উভয়ের পিতা মৃত আলম গাজী, গ্রাম নওয়াপাড়া, ইউনিয়ন লালুয়া, থানা কলাপাড়া।
পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে এস আই সজল সাহা, এসআই সামসুল ইসলাম, এস আই মাসুদ খান এবং এএসআই তারিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত রফিক হাওলাদারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পূর্বে আরও ৭টি মামলা রয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত খান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ৩৬(১) ১৯(খ) ধারায় মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মহিপুর থানার ওসি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে ।
Devoloped By WOOHOSTBD