কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে এক গৌরবময় অর্জন। জেলা ক্রীড়া সংস্থার গণ্ডি পেরিয়ে এবার সরাসরি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের কৃতি সাবেক খেলোয়াড়, আন্তর্জাতিক জজ, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোছা. রুপালী খাতুন। তাঁর এই অন্তর্ভুক্তিকে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের জন্য এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা ও কুষ্টিয়া বাসী।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দপ্তর থেকে গত ১৮ জুলাই ২০২৬ জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের পূর্ববর্তী অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট রুপালী খাতুন। সরকারি প্রজ্ঞাপনে তাঁর পরিচয় উল্লেখ করা হয়েছে—সাবেক খেলোয়াড়, আন্তর্জাতিক জাজ (Judge) ও ক্রীড়া সংগঠক।
দীর্ঘদিন ধরে ব্যাডমিন্টনের উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরিতে উৎসাহ প্রদান, প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ততা এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় আন্তর্জাতিক বিচারক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ক্রীড়াঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। নিষ্ঠা, সততা, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাঁর এই মনোনয়ন এসেছে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা।
নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মো. ইকবাল হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী হাসিবুর রহমান (শাকিল)।
অ্যাডভোকেট রুপালী খাতুনের এই সাফল্যে কুষ্টিয়ার ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তাঁদের বিশ্বাস, জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের ব্যাডমিন্টনের উন্নয়ন, তৃণমূল পর্যায়ে প্রতিভা বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন।
ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের মতে, একজন নিবেদিতপ্রাণ নারী ক্রীড়া সংগঠকের জাতীয় ফেডারেশনের নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের জন্যও একটি ঐতিহাসিক অর্জন। তাঁর এই সাফল্য জেলার উদীয়মান খেলোয়াড়দের নতুন স্বপ্ন দেখাবে, অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি অংশগ্রহণের পথ সুগম করবে।
কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের মানুষ এখন প্রত্যাশা করছেন—অ্যাডভোকেট রুপালী খাতুনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের ব্যাডমিন্টন নতুন গতিতে এগিয়ে যাবে এবং কুষ্টিয়াও জাতীয় ক্রীড়া মানচিত্রে আরও উজ্জ্বল হয়ে উঠবে।
Devoloped By WOOHOSTBD