পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি বিক্রি হয়। এ সময় মাছটিকে দেখতে মৎস্য আরতে উৎসুক জনতার ভিড় লেগে যায়।
এ ইলিশ মাছটি শহিদ মাঝির জালে ধরা পড়েছে। শহিদ মাঝি বলেন, ইলিশ আহরণে সাগরে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে। ইলিশটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। অনেক সময় জেলেরা তাদের জালে বেশি পরিমাণে মাছ শিকার করতে না পারলেও এমন দু-একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়। মাছটি মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে নিয়ে এলে নিলামে ১৪ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক ক্রয় করেন।
ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে।
মাছটির ক্রেতা ইশতিয়াক জানান, সাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি আমি কিনেছি । মাছটি আমি ঢাকায় নিয়ে বিক্রি করব। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। মাছটি সাইজে বড় হওয়ার কারণে অনেক টাকা বিক্রি হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাগরে মৎস্য আহরণের ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।
Devoloped By WOOHOSTBD