পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র উদ্যোগে ‘গুড ড্যাডি ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩.০০ টার সময় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল সমাজে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে দীর্ঘমেয়াদি সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধে বাবাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা, শিশুশ্রম বন্ধে পরিবার ও সমাজকে সচেতন করা এবং শিশুশ্রম-সংক্রান্ত আইন ও বিধিবিধানের যথাযথ বাস্তবায়নের বিষয়ে জনসচেতনতা বাড়ানো।
অনুষ্ঠানের শুরুতে গুড ড্যাডি, কন্যাশিশু, অতিথি ও সিডিপির কর্মকর্তা-কর্মচারীদের আগমন ও নিবন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে অতিথিদের শুভেচ্ছা ও গুড ড্যাডিদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
আলোচনা শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র এ্যাসিসট্যান্ট ম্যানেজার (প্রোগ্রাম) মিজ ঝর্ণা খাতুন। শিশু অধিকার ও শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশুশ্রম প্রতিরোধ,বেসরকারি ও সরকারের বিভিন্ন উদ্যোগ এবং কন্যাশিশুর শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।গুড ড্যাডি কর্মসূচিতে উপস্থিত সকল কে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাবারা যদি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সচেতন হন, তাহলে সমাজ থেকে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি অনেকাংশে দূর করা সম্ভব। বাল্যবিবাহ শুধু একটি শিশুর শিক্ষা বন্ধ করে দেয় না, বরং তার শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। তাই কন্যাশিশুকে বোঝা হিসেবে না দেখে সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত বাবারা কন্যাশিশুর প্রতি দায়িত্বশীল আচরণ, তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বাল্যবিবাহ থেকে দূরে রাখার বিষয়ে সচেতন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ‘শিশু বিবাহ না দেওয়ার অঙ্গীকারনামা’ পাঠ ও স্বাক্ষরের মাধ্যমে উপস্থিত গুড ড্যাডিরা প্রতিশ্রুতি দেন যে, প্রচলিত আইন ও শিশু অধিকারকে সম্মান করে তারা তাদের কন্যাসন্তানের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো অবস্থাতেই বিয়ে দেবেন না।
অঙ্গীকারনামায় বাবারা বলেন, তারা কন্যাসন্তানের শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। একই সঙ্গে কন্যার শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সুরক্ষা, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যতের স্বপ্ন পূরণে সহায়ক পরিবেশ তৈরি করবেন। সামাজিক, পারিবারিক কিংবা অন্য কোনো চাপের কাছে নতি স্বীকার না করে দায়িত্বশীল বাবা হিসেবে কন্যার সুন্দর ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করারও অঙ্গীকার করেন তারা।
পরে গুড ড্যাডিদের অংশগ্রহণে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথে নেতৃত্ব দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে কন্যাশিশুরা বাবাদের ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানায়, যা আয়োজনটিতে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত তিনজন ‘গুড ড্যাডি’কে পুরস্কার প্রদান করা হয়। এর মাধ্যমে কন্যাশিশুর শিক্ষা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে বাবাদের ইতিবাচক ভূমিকা পালনে উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে বাবাদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কন্যাশিশুর শিক্ষা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
ক্যাম্পেইনের মাধ্যমে মহিপুর অঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং কন্যাশিশুর শিক্ষার প্রতি পরিবারগুলোর ইতিবাচক মনোভাব আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান ও গুডনেইবারস কলাপাড়া সিডিসি’র সভাপতি মোঃ ইব্রাহীম খান, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী কান্ত সিকদার,কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও গুডনেইবারস কলাপাড়া সিডিসি’র সহ-সভাপতি মিজানুর রহমান রিপন, গুডনেইবারস কলাপাড়া সিডিসি’র সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আইয়ুব আকন ফিরোজ, গুডনেইবারস কলাপাড়া সিডিসি’র সদস্য ও মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম শেফার্ড, কন্যাশিশুদের প্রতিনিধি এবং বাবাদের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গুড ড্যাডি ক্যাম্পেইন এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র এ্যাসিসট্যান্ট ম্যানেজার মিজ ঝর্ণা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (হেলথ) পঙ্কজ কুমার বিশ্বাস।
জনসংযোগ ব্যবস্থাপনায় ছিলেন গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র কো-অপারেটিভ ফাইন্যান্স কর্মকর্তা মো. রেজাউল করিম। অনুষ্ঠানসংক্রান্ত প্রতিবেদন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডিপির প্রোগ্রাম কর্মকর্তা সাইমন বাড়ই।
Devoloped By WOOHOSTBD