কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমির আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ই অক্টোবর ২০২৬, রোজ বুধবার সকাল ৯.০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আল্ হেরা মডেল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব এ্যাড. আব্দুর রশিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩০৬ (সংরক্ষিত মহিলা আসন)-এর মাননীয় সংসদ সদস্য জনাব ফরিদা ইয়াসমিন, এম পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামীম শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব তপন কুমার দেবনাথ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি মায়েদের সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছাড়া একটি সুন্দর জাতি গঠন সম্ভব নয়, আর এক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। আমন্ত্রিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Devoloped By WOOHOSTBD