বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁর আত্রাই উপজেলায় আড়াই কিলোমিটার সড়কের পাশে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ৫ নম্বর বিশা ইউনিয়নের বৈঠাখালী-থলওলমা সেতু থেকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত সড়কের পাশে এসব তালবীজ রোপণ করা হয়। দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর পিভিএম। তাঁর ব্যক্তিগত অর্থায়নে এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে তালবীজ রোপণ করা হয়। বীজ সংগ্রহে সহযোগিতা করেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবীর বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা তালবীজগুলো আনসার ও ভিডিপির সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকি ও পরিচর্যা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, সড়কের পাশে তালগাছ গড়ে উঠলে তা ভবিষ্যতে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় ভূমিকা রাখতে পারে। এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
এ সময় আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুনসহ আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রোপণ করা তালবীজের পরিচর্যা নিশ্চিত করার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Devoloped By WOOHOSTBD