বর্তমান বাংলাদেশের রাজনীতিতে চোখ রাখলেই স্পষ্ট হয়ে ওঠে এটি যেন একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিযোগিতায় পরিণত হয়েছে। অথচ বাস্তবতা ছিল ভিন্ন। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ থেকে জাতি এমন কিছু প্রত্যাশা করেনি। মানুষ ভেবেছিল, রাজনৈতিক দলগুলো দলমত নির্বিশেষে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করবে, জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হবে।
কিন্তু সময় গড়াতেই দেখা গেল, ঐক্যের সেই স্বপ্ন দ্রুত ভেঙে পড়ছে। রাজনৈতিক দলগুলো আবারও বিভক্ত হয়ে পড়েছে, নিজেদের স্বার্থে ঐক্য নষ্ট করেছে। ফলে জাতির মনে বড় প্রশ্ন জেগেছে আসলে জাতির অধিকার কে প্রতিষ্ঠা করবে? কে ধরবে এই দেশের হাল? কবে শেষ হবে দোষারোপের রাজনীতি?
ডা. প্রফেসর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর জাতি আশা করেছিল,তিনি হইতো জাতীয় লিডার হয়ে উঠবে অন্তত আংশিক হলেও জনগণের প্রত্যাশা পূরণ হবে। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষ শুধু অবকাঠামোগত বা সামাজিক উন্নয়ন চায় না; তারা চায় ভাগ্যের উন্নয়ন, জীবনযাত্রার মানের বাস্তব পরিবর্তন।
আইওয়াশ ধরনের উন্নয়ন অতীতেও হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার আমলেও উন্নয়নের প্রচার ছিল, কিন্তু মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। আজও সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সরকারি হাসপাতালে রোগী বহনের জন্য ওয়ার্ড বয়কে ঘুষ দিতে হয়, হুইলচেয়ার দিয়ে রোগী সরাতেও টাকা লাগে। ফুটপাতে সামান্য ব্যবসা করতে গেলেও চাঁদা দিতে হয়।
সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এখনও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত নয়। দেশের বিভিন্ন স্থানে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি বেড়েই চলেছে। রাজনৈতিক ক্ষমতা যেন আবারও জাতিকে গ্রাস করতে শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ; কোথাও তারা নীরব, কোথাও দায়িত্বহীনতার অভিযোগ উঠছে।
এই পরিস্থিতি যদি চলতে থাকে, তবে তা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। আজ সাধারণ মানুষের প্রশ্ন একটাই এই অপরাজনীতির চর্চা কি কখনো বন্ধ হবে? আদৌ কি পরিবর্তন আসবে?
পরিবর্তনের এই সংকটময় সময়ে আমাদের সবার উচিত দলীয় ও ব্যক্তিগত স্বার্থ ভুলে দেশ ও দশের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়া। নতুবা এমন এক সময় আসতে পারে, যখন আমাদের অস্তিত্বই সংকটে পড়বে এবং তখন সেই সংকট সামাল দেওয়ার মতো কোনো জাতীয় নেতা খুঁজে পাওয়াও কঠিন হয়ে যাবে।
Devoloped By WOOHOSTBD