জেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুইজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯নং বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ ইসবপুর গ্রামের বাসিন্দা মোঃ মুনছুর আলী সরকার (৭৪) দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে আছেন। এ ঘটনায় পূর্বে থানায় মামলা দায়ের করা হলে তা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে তাদের বাড়ির পাশের জমিতে প্রবেশ করে। এসময় তারা মুনছুর আলীর ছেলে শরিফুল ইসলামকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং একাধিক সেলাই দিতে হয়।
একই সময় হামলাকারীরা অপর ছেলে সুলতান মিয়ার ওপরও হামলা চালায়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরিবারের দাবি, হামলার সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়।
এ ঘটনায় এগিয়ে আসা সুলতান মিয়ার স্ত্রী নিলুফা বেগমকেও মারধর করা হয়। এ সময় তার শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় প্রভাবশালী। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হলেও তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। হামলার পর আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
এ বিষয়ে সাদুল্যাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মুনছুর আলী সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব বলেন,
“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় আছে।
Devoloped By WOOHOSTBD