সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে আয়োজিত এ জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় প্রার্থী ও দশ দলীয় জোট মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, দেশ বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে হলে কোরআন-সুন্নাহভিত্তিক সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতির চেয়ে জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাস করে। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে জনগণের জানমাল, ইজ্জত ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে।
জনসভায় তিনি বলেন, “আমরা ভালোবাসা, শ্রদ্ধা ও নৈতিকতাভিত্তিক রাজনীতি করতে চাই। সবাইকে সম্মান দিয়ে একটি মানবিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।” পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন তিনি।
ইসলামপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট ও গণসমর্থনের মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত, শোষণহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জনসভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি প্রফেসর মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সিলেট মহানগর ইঞ্জিনিয়ারিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জামালগঞ্জ খেলাফত মজলিস শাখার সভাপতি মাওলানা আলী আকবর, কাজী আব্দুর রশিদ, হাসান আল মাছুম, আরিফুল ইসলাম সরকারসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Devoloped By WOOHOSTBD